বাগাতিপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

আপডেট : ০২ মে ২০২৪, ০৮:৩৬ এএম

নাটোরের বাগাতিপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম. জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১লা মে) উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে। হামলায় আহত চেয়ারম্যান প্রার্থী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রার্থী জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় হাটের দিন হওয়ায় বুধবার বিকেল থেকে সোনাপুর বাজারে আগত ভোটার ও স্থানীয়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করছিলেন তিনি। মাগরিবের নামাজের পর বাজারের একটি দোকানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক আরশেদ আলীর সাথে সাক্ষাৎ করতে যান। সে সময় আরশেদ আলীর নেতৃত্বে সেখানে উপস্থিত কালাম মেম্বার, বিদ্যুৎসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলামের বেশ কিছু সমর্থক অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক আরশেদ আলী বলেন, ‘আমরা কারো ওপরে হামলা করিনি। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের চাঙ্গা করতে আমরা নির্বাচনী কর্মীসভার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ জাহাঙ্গীর তার কর্মী-সমর্থক নিয়ে আমাদের অফিসের ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা করে।’

হামলার বিষয়ে অপর চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে মারামারি করতে বলিনি।’

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, হামলার তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত