দাম কমল এলপি গ্যাসের

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:১৪ পিএম

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ বৃহস্পতিবার নতুন এ দর ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৪২ টাকা থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম মূসকসহ দাম প্রতি লিটার ৬৩ টাকা ৯২ পয়সা নির্ধারণ করার পাশাপাশি অন্যান্য আকারের সিলিন্ডারের দামও কমেছে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও সারা দেশে চাহিদার তুলনায় এটি মাত্র ১ থেকে দেড় শতাংশের মত সরবরাহ করার সক্ষমতা রয়েছে। আবার যাও সরবরাহ করা হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। 

টানা আট মাস ধরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৪৮৩ টাকা বৃদ্ধির পর এত এপ্রিলে তা ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। 

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে ইচ্ছেমত বাড়তি অর্থ আদায় করছেন, এমন অভিযোগের বিষয়টি জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

পাইপলাইনের গ্যাসের সংকটে এলপি গ্যাস দেশ জুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে অনেক বাসায় এলপিজি নিত্যপণ্য হয়ে উঠেছে। বিইআরসি প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত