বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আবাহনী। কিংস অ্যারেনায় খেলা তখন ১৮ মিনিটে চলছিল। এমন সময় স্বাগতিকদের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথায় আবাহনীর ফরোয়ার্ডে কর্নেলিয়াসের বুটের আঘাত লাগে। সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন জিকো। ঝরে রক্ত, অ্যাম্বুলেন্স মাঠে এনে নিয়ে যেতে হয় হাসপাতালে।
হাসাপাতালে সিটি স্ক্যান ও প্রয়োজনীয় পরীক্ষার পর কসমেটিক সার্জারি করা হয়। জিকোর সঙ্গে ছিলেন কিংসের ফিজিওথেরাপিস্ট কৌশিক রায়।
তিনি জিকোর সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘চিকিৎসক তাকে কসমেটিক সার্জারি করে রিলিজ দিয়েছে। এখন ক্লাবে ফিরে অনেকটাই স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার আবার চিকিৎসকের কাছে যেতে হবে।’
বসুন্ধরা কিংসের সামনে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। পরবর্তী শনিবার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে খেলবে তারা। ওই ম্যাচে জিতলেই টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হবে কিংস। একই সপ্তাহে মঙ্গলবার ঢাকা আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচ।
গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে জিকোর খেলার সম্ভাবনা সম্পর্কে ফিজিওথেরাপিস্ট কৌশিক বলেন, ‘মঙ্গলবারের আগপর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। মঙ্গলবার একবার ড্রেসিং হবে, এরপর চিকিৎসক পরবর্তী নির্দেশনা দেবেন।’
জিকোর বদলে আজ গোলবার সামলান মেহেদী হাসান শ্রাবণ। যিনি জাতীয় দলেও খেলেছেন।
