বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের মুকুটে যোগ হলো নতুন পালক। ইউনিসেফ ইন্ডিয়ার নতুন জাতীয় শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তিনি।
গত দশ বছর ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন কারিনা। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার হলেন ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
শনিবার নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান কাপুরকন্যা। পোস্টে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফ-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য। গত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফ-এর সঙ্গে। বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি রোজ অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।’
কারিনা আরও লিখেন, ‘প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যত প্রাপ্য।’
সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করেছেন কারিনা। সম্প্রতি ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সমালোচকদেরও দারুণ প্রশংসা পান।
এরপর ‘ক্রু’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন কারিনা। সিনেমাটিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন টাবু ও কৃতি স্যানন। কারিনার ঝুলিতে এখন আছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘টক্সিক’-এর প্রস্তাবও এসেছিল তার কাছে। তবে যশের বোনের চরিত্রে অভিনয় করার প্রস্তাব নাকচ করেছেন অভিনেত্রী।
