গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে চুক্তি কার্যকরের দাবিতে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ইসরায়েলে হাজার হাজার মানুষ।
বিক্ষোভের সময় আন্দোলনরত বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দেন। এছাড়া বিক্ষোভকারীদের অনেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলে বড় ধরনের এই বিক্ষোভ হলো। খবর বিবিসি।
শনিবার মিসরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে হামাসের একটি প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছে। সংগঠনটি বলেছে চলমান আলোচনায় নতুন কোন অগ্রগতি না থাকলেও রোববার নতুন করে আলোচনা শুরু হবে।
মিসর ও কাতারের মধ্যস্থতায় আলোচকেরা কায়রোয় আবার আলোচনা শুরু করেছেন। জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের হামলা থামানো নিয়েই এ আলোচনা। চুক্তিটি অস্থায়ী, নাকি স্থায়ী হবে, সে বিষয়ে সমঝোতা আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
হামাস নেতা ইসমাইল হানিয়ার একজন উপদেষ্টা বলেছেন যে সংগঠনটি গুরুত্ব সহকারে সর্বশেষ প্রস্তাবটি দেখছে। তবে চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা।
গতকাল ইসরায়েলে যে বিক্ষোভ হলো, তা ছিল একটি চুক্তির জন্য নেতানিয়াহু সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকার সর্বশেষ নিদর্শন। জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য চাপের মুখে আছেন নেতানিয়াহু।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালায়। হামলাকালে তারা ২৫২ জনকে জিম্মি করে নিয়ে যায়। তাঁদের মধ্যে ১২৮ জন এখনো জিম্মি আছেন। তাঁদের মধ্যে অন্তত ৩৪ জন মারা গেছেন বলে ধারণা করা হয়।
