ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮ মে নীলফামারীর ডিমলা ও ডোমার উপজেলায় ভোটগ্রহণ হবে। ভোটের দিন বিশেষ করে ডিমলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো।
জেলা পুলিশের ডিএসবি শাখার সূত্রমতে, ডিমলার ৯৩টি ভোটকেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ডোমারের ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
এর মধ্যে ডিমলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, সদর ইউনিয়ন, বালাপাড়ার দক্ষিণ অংশ, নাউতারার সোনামনির ডাঙ্গা অংশ ও টেপাখড়িবাড়ি এবং ডোমারের বোড়াগাড়ী, পাঙ্গামটকপুর, জোড়াবাড়ি, বামুনিয়া, হরিণচড়া, সদর ইউনিয়ন, সোনারায় ইউনিয়ন অধিক ঝুঁকিপূর্ণ।
জানা যায়, ডোমারে আট ও ডিমলায় চারজন হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ডিমলায় তার ভাতিজা ফেরদৌস পারভেজ ও ডোমারে তোফায়েল আহমেদকে সমর্থন করছেন। দুই উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ নিয়ে গতকাল রবিবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে বলছেন, ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের পরিবর্তন করতে হবে। তাদর দাবি, ডিমলার কর্মকর্তাদের ডোমারে ও ডোমারের কর্মকর্তাদের ডিমলায় যেন দায়িত্ব দেওয়া হয়। অথবা অন্য জেলা/উপজেলা থেকে প্রিসাইডিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। তা না হলে দুই বিশেষ প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার রুমে ব্যালটে সিল মারা হবে।
পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘প্রতিটি এলাকাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কাকে আমলে নিয়ে যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয় তার চেষ্টা করছি।’
