অবৈধ স্টিকার 

৩৬৩ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৪১ এএম

অননুমোদিত স্টিকারযুক্ত যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ১২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ৩ হাজার ১৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ। এর মধ্যে রয়েছে ৩৬৩টি অননুমোদিত স্টিকার, ৪৬১টি ফিটনেসবিহীন ও ২ হাজার ৩৫০টি অবৈধ যানবাহন। গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, ঢাকার রাস্তায় বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ, সাংবাদিকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামে অননুমোদিত স্টিকার ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেকের আত্মীয়স্বজনরাই এমন স্টিকার ব্যবহার করছেন। এসব স্টিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নয়। জননিরাপত্তার স্বার্থে এক ধরনের হুমকি। এসব স্টিকার ব্যবহার করে কোনো অপরাধ সংঘটন করে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত