সংসদে বিল উত্থাপন

ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে

আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:০০ এএম

বিদ্যমান স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধনে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। উত্থাপিত বিলে নতুন ইউনিয়ন পরিষদে ও মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান ও ‘সচিব’ নামের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ করার প্রস্তাব করা হয়েছে।

গতকাল রবিবার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি উত্থাপনের বিরোধিতা করেন স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত বিলেও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বেমানান। তাই বিলটি সংসদে উত্থাপন না করে আরও পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

বিলের ওপর আনা আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সংসদে উত্থাপন করেন মন্ত্রী। এরপর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। তবে প্রশাসক নিয়োগ হবেন কেবল একবারের জন্য এবং ১২০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দৈব দুর্বিপাকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার এই মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে পারবে। অতিমারী, মহামারী ইত্যাদি বিশেষ ক্ষেত্রে সরকার এই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে।

এ বিলে আরও বলা হয়েছে, কোনো চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্য বা প্রশাসক যদি নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হন, তাহলে ৫০ হাজার টাকা জরিমানা হবে। বিদ্যমান আইনে বর্তমানে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত