আমরা রোবট নই যে সুইচ টিপলেই পারফর্ম করবো: আজম

আপডেট : ০৬ মে ২০২৪, ০৬:৪৬ পিএম

পাকিস্তানের কিংবদন্তি উইকেটকিপার মঈন খানের সন্তান হওয়ায় তার দিকে প্রত্যাশার চাহিদা একটু বেশিই থাকে। ঘরোয়া ক্রিকেটসহ ও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং উপিহার দিলেও পাকিস্তানের জার্সিতে নৈপুণ্য এখনো ম্লান আজম খানের। পাকিস্তানের হয়ে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৭ ইনিংস ব্যাটিং করে এখনো ১০ রান ছাড়াতে পারেননি। তার মোট রানও ৩০ এর নিচে।

তবে সুযোগ হাতছাড়া হয়নি এখনো। কিছুদিন আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিটনেস ক্যাম্পে প্রশংসিত হয়েছেন।  সামনেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। এই সফরের আগে লাহোরে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজম খান জানান, ‘ভালো সবাই করতে চায়। তবে আমরা রোবট নই যে সুইচ টিপলেই পারফর্ম করতে শুরু করব। পাকিস্তানের হয়ে পারফর্ম করতে চাই আমরা সবাই। কারণ এভাবেই নিজের নাম গড়তে হয়। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, নিজের সবটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’

আজমের মতো আরেক তরুণ ব্যাটসম্যান সাঈম আইয়ুব। প্রতিভাবান এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে এক টেস্ট ও ১৭ টি-টোয়েন্টি খেলেও এখনও ফিফটির দেখা পাননি। সামনে দুই সিরিজ তারও নিজেকে প্রমাণের সুযোগ। সাঈম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বড় ইনিংস খেলতে পারিনি, তবে আরও ভালো করার চেষ্টা করে যাচ্ছি। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। ম্যানেজমেন্ট সব ক্রিকেটারের পাশে আছে। আমি নিজের খেলার ধরন বদলাবো না এবং আত্মবিশ্বাসী আছি যে, ভবিষ্যতে পারফর্ম করতে পারবো।’

আয়ারল্যান্ডে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু শুক্রবার। এরপর ২২ মে শুরু ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রেক্ষিতে বিশ্বকাপ দল ঘোষণা করবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত