ছেলের পক্ষ প্রচারণায় অংশ না নিতে শাজাহান খানকে চিঠি

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:২৯ পিএম

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। শাজাহান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ছেলের পক্ষ হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাভেলুর রহমান শফিক খান নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ১০ দিন ধরে শাজাহান খান নির্বাচনী এলাকায় অবস্থান করে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের নামে ছেলের পক্ষে কৌশলে ও গোপনে প্রচারণার কাজ করছেন।

এরই প্রেক্ষিতে সাবেক নৌ-মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের প্রতি গত শনিবার একটি চিঠি ইস্যু করে মাদারীপুর জেলা নির্বাচন অফিস। আজ মঙ্গলবার (৭ মে) এই বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। তিনি জানান, শাজাহান খান যেন এলাকাতে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করেন সেই কারণে চিঠি দেয়া হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের উপজেলা রিটার্নিং কর্মকর্তা নান্নী খান জানান, অন্য কোনো কারণে না, সংসদ সদস্য শাজাহান খান যেন এলাকাতে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করে সেই কারণে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবার প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ার‌ম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত