এই সময়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব আসন্ন কুড়ি ওভারের বিশ্বকাপে ভারতের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন। আইপিএলে গত কয়েক মৌসুম ধরেই তার ব্যাটে রানের বন্যা দেখা গেছে। গতকাল মঙ্গলবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫১ বলে ১০২ রান করেছেন। দেখিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তার নিখুঁত দক্ষতা।
আর এমন ইনিংস দেখে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা সূর্যকে স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এই ব্যাটসম্যানকে ভারতের জার্সিতে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানো। যে জায়গায় এখন বিরাট কোহলি ব্যাট করতে নামেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ক্যারিবিয়ান কিংবদন্তী বলেন, ‘আমার মনে হয় এটা ভালো দল। কোহলির পজিশনটা চার নম্বর হওয়া উচিত। সূর্যকুমার যাদব হলে এ দলের তারকা খেলোয়াড় এবং তাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত এবং দলের হয়ে খেলা জিততে দেওয়া উচিত। কারণ টি-২০ ক্রিকেটে এক, দুই আর তিন নম্বরই মূল ক্রিকেটার। যারা বেশিরভাগ বল খেলে দলকে জেতার মতো অবস্থায় নিয়ে যেতে পারে তারাই এ পজিশনের। আপনি যতটা সম্ভব আপনার সেরা খেলোয়াড়দের এ পজিশনগুলোতে খেলাতে চাইবেন।’
লারা মনে করেন ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বিপক্ষ দলের বোলিং আক্রমণকে বিধ্বস্ত করে দেওয়ার সামর্থ্য রাখেন সূর্যকুমার। তার আক্রমণাত্মক ব্যাটিং গুঁড়িয়ে দিতে পারে প্রতিপক্ষের মনোবল। আরেক কিংবদন্তী ভিভ রিচার্ডসের উদাহরণও টানেন তিনি।
লারা বলেন, ‘দেখেন আপনি টি-২০ তে ওপেনিংয়ে একটা বামহাতি-ডানহাতি কম্বিনেশন চাইবেন। আমি যেভাবে সম্প্রতি কোহলিকে দেখছি, তার স্ট্রাইক রেট ভালো। কিন্তু আপনি যদি একটা বোলিং আক্রমণকে এলোমেলো করে দিতে চান এবং তাদের মনোবল গুঁড়িয়ে দিতে চান তাহলে এই মানুষটাকেই (যাদব) সর্বোচ্চ সুযোগটা দেওয়া উচিত।’
লারা যোগ করেন, ‘আগের দিনগুলোতে আপনি ভিভ রিচার্ডসকে পাঁচে ব্যাট করাতেন নাকি তিন নম্বরে? আমি এ তর্কে যাব না যে কোহলি দলে থাকবে কিনা। আমার মনে হয় সূর্যকুমার যাদব এমন একজন ব্যাটসম্যান যে নিজেই আপনাকে জেতাতে পারে। এতটুকুই আমি বলব।’
২০২২ টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার খেলেছেন চার নম্বরে। এখন পর্যন্ত ভারতের হয়ে তিনি খেলেছেন ৫৭ টি-২০ ইনিংস। এর মধ্যে তিন নম্বরে খেলেছেন ১৪ ইনিংস, ১৬০.৭৩ স্ট্রাইক রেট আর ৩৯.৯১ গড়ে করেছেন ৪৭৯ রান।
