মুশতাকের সঙ্গে ১৬ লেগ স্পিনারের একদিন

আপডেট : ১১ মে ২০২৪, ০৯:৪১ পিএম

জোবায়ের হোসেন লিখনকে মনে আছে! ভুলে যাওয়ারই কথা। বিপিএলের সবশেষ আসরের আগের আসরটিতেও তাকে খেলতে দেখা গেছে। তবে একজন লেগ স্পিনারকে ঘিরে যে প্রত্যাশা ছিল, তার বিন্দু পরিমাণও পূরণ করতে পারেননি তিনি। কারণ খেলারই যে সুযোগ মেলে না তার।

অনুশীলনেই শুধু ঘণ্টার পর ঘণ্টা বল ঘুরাতে দেখা যেত। কদর আর পরিচর্যার অভাবে বিকশিত হতে পারেননি তিনি। এভাবে কয়েকজন সম্ভাবনাময়ী লেগ স্পিনারই হারিয়ে গেছেন।

জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে বরাবরই লেগ স্পিনার প্রত্যাশী। তাই তো রিশাদ হোসেনকে নিয়ে বাড়তি ঝুঁকি নিচ্ছেন। তাকে সাহস জুগিয়ে খেলাচ্ছেন ম্যাচ। রিশাদও হতাশ করছেন না। বাড়তি পাওনা তার হার্ড হিটিং ব্যাটিং। তবে এক রিশাদেই তো আর অভাব পূরণ হয় না।

তাই দরকার তার বিকল্প আরও অনেককে। আর সেটা খুঁজতেই দেশের নানা প্রান্তে ছুটে বেড়িয়েছে বিসিবি। খুঁজে বের করেছিল ৮০ জন লেগ স্পিনার। সেখান থেকে বাছাই করা হয়েছিল ২০ জনকে। 

সেখান থেকে যারা কাছাকাছি থাকেন এমন ১৬ জনকে নিয়ে শনিবার মিরপুরের ইনডোরে বিশেষ ক্যাম্প করেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিসিবির লেগ স্পিনার হান্ট কর্মসূচির সমন্বয়ক শাহিদ মেহমুদ। এক সময় মোহামেডানের হয়ে খেলতেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

মিরপুরের ইনডোরে লেগ স্পিনারদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সময় কাটান মুশতাক ও শাহেদ। হান্ট থেকে উঠে আসা এসব লেগস্পিনারের সঙ্গে ক্রিকেটীয় আলোচনার বাইরেও কথা বলেছেন তিনি। তাছাড়া এই ধরনের স্পিনাররা বল করতে গিয়ে অনেক সময় শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেন না। সেসব সমস্যা কীভাবে উতরানো যায় এ বিষয়েও উপায় দেখিয়ে দিয়েছেন তিনি। 

জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ চললেও আজ ছিল বিশ্রামের দিন। তাই বিশেষ কোনো কাজ ছিল না মুশতাকের। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে বিসিবির গেম ডেভেলেপমেন্ট বিভাগ। ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘জাতীয় দলের বিশ্রাম থাকায়, তাকে (মুশতাক আহমেদ) আমরা পেয়েছি। যারা কাছাকাছি থাকে তাদেরই নিয়ে এই বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। ছেলেরা উনার কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছে।’ 

এদিকে ইনডোরে একদিনের বিশেষ ক্যাম্পে আসার ১৬ জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছেন মুশতাক। যেকোনো প্রয়োজনে তার দরজা তরুণ স্পিনারদের জন্য খোলা থাকবে বলেও জানিয়েছেন।

ক্যাম্পের বিষয়ে জানতে চাইলে কোচ শাহিদ বলেন, ‘তিনি (মুশতাক আহমেদ) সবার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন। তবে সবাইকেই লম্বা সময় পরিচর্যার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। নিজেকে কীভাবে ফিট রাখা যায়, কীভাবে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা যায়, নিজের শরীরের ভারসাম্য কীভাবে ঠিক রাখা যায়, এসব খুঁটিনাটি বিষয় দেখিয়ে দিয়েছেন তিনি। এই লেগ স্পিনারদের সঙ্গে যেকোনো সময় তিনি কাজ করতে চান। যেকোনো সাহায্যের জন্য তার কাছে নির্দ্বিধায় যেতেও বলেছেন তিনি।’
 
বাছাইকৃত ২০ রিস্ট স্পিনারদের নিয়ে এই মাসের শেষ দিকে একটি ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। যা পরিচালনা করবেন শাহিদ মেহমুদ। যখনই সুযোগ হবে তখনই মুশতাক আহমেদকে আনা হতে পারে। আলাদা সময় বের করে বছরে ১০ সপ্তাহ তাদের নিয়ে ক্যাম্পের চিন্তা প্রাথমিকভাবে রয়েছে গেম ডেভেলপমেন্টের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত