ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ হারুন উর রশীদ সিআইপির নেতৃত্বে এ সমাবেশ হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে আবারও সেখানে এসে শেষ হয়। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের এই সংকটময় সময়ে পুরো বিশ্বের মুসলিম মোড়লদের একত্রিত হয়ে চলমান যুদ্ধ বন্ধে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে, পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ-পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েলবিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দুয়েকটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনে চলমান অবস্থার অবসান চাইছে। শুরু থেকেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেছেন তিনি।
