জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল পর্দা উঠেছে চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। প্রতিবছরই এই চলচ্চিত্র উৎসবে বাহারি পোশাকে রেড কার্পেট মাতান ভারতীয় তারকারা। সেই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা, সোনম কাপুর, সারা আলী, অদিতি রাওসহ অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
এবার সেখানে যুক্ত হতে যাচ্ছে অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। কান চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তাকে।
মেরিল স্ট্রিপের হাতেই কান উৎসবের সূচনা মেরিল স্ট্রিপের হাতেই কান উৎসবের সূচনা।
জানা গেছে, চলতি আয়োজনে ‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন’-এর ‘উইমেন ইন সিনেমা গালা ডিনার’-এ অংশ নেবেন কিয়ারা। এটি ‘ভ্যানিটি ফেয়ার’ দ্বারা আয়োজিত হবে। অনুষ্ঠানে সারাবিশ্ব থেকে ৬ জন প্রতিভাবান নারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বিনোদন মহলে অসামান্য অবদানের জন্য স্বীকৃত।
তা ছাড়া ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বিশ্বে ছবি প্রযোজনা এবং চিত্রগ্রহণ সম্পর্কে ১৮ মে চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে কিয়ারা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্যানেলে অংশগ্রহণ করবেন। তার প্রস্তুতিও এরই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি। নিজের সেই আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন কিয়ারা। যা ভক্তদের মাঝে বেশ উচ্ছ্বাস তৈরি করেছে। অনেকেই তার কান অভিষেক নিয়ে কমেন্ট বক্সে শুভ কামনা জানাচ্ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার শুরু হয়েছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৫ মে পর্যন্ত।
