সরকার পরিবর্তনে ‘ঐক্যবদ্ধ আন্দোলন’-এর কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৬ মে) ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই তবে সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। আমাদের স্বার্থে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের কেউ করে দিয়ে যাবে না, আমাদের নিজেদের সেটা করতে হবে।
সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল উল্লেখ করে ফখরুল বলেন, ভারত সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের কার্যক্রম পরিচালনা করেছে। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের ক্ষেত্রে তারা (ভারত) সবসময়ই গড়িমসি করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছি, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা সকল রাজনৈতিক দলগুলো আমরা সেই সংগ্রাম করছি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এজন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, আমাদের অনেককে নিপীড়ন-নির্যাতন সহ্য করতে হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, এই সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের আগে তিনদিনে ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো নিপীড়ন-নির্যাতন-গ্রেপ্তার চলছে।
ফখরুল বলেন, আজকে তিস্তা সমস্যার সমাধান হবে কি করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো এখানে দখলদারিত্ব করছে। তারা (সরকার) তো বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতায় বসে আছে। এই সরকার জনগণের সরকার নয়। তারা কোনো নির্বাচন করে না। নির্বাচন করলে তারা জানে তাদের পরাজয় হবে। তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় টিকে থাকছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজেদের হামলাতেই পুড়ে মরল ইসরায়েলি ৫ সৈন্য
‘জোর যার মুল্লুক তার’ কায়দায় জমি দখল, প্রাণনাশের হুমকি