দুই বছর পর ফ্রান্স দলে কান্তে, ইউরোতে যাচ্ছে স্কুল ছাত্র এমিরি

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:৫৯ এএম

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক এনগোলো কান্তে দুই বছর পর ফিরেছেন জাতীয় দলে। ২০২২ সালের জুন থেকে তিনি মাঠের বাইরে। চোটের কারণে খেলতে পারেননি কাতার বিশ্বকাপে। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে খেলা মিডফিল্ডারকে নিয়েই ইউরোর দল সাজিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

ফ্রান্স কোচ বলেছেন, ৩৩ বছর বয়সী কান্তেকে জাতীয় দলে ফেরানোর অন্যতম কারণ চোটপ্রবণতা এখন নেই, ‘ইউরোপে না থাকলেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে পুরো মৌসুম খেলেছে। সে তার আগের ফিটনেসে ফিরেছে। ওর যে অভিজ্ঞতা, আমি মনে করি ফ্রান্স দল আরও শক্তিশালী হয়েছে।’

ফ্রান্সের ইউরো দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জেইর–এমিরি। পিএসজিতে খেলা এই তরুণ এখনো স্কুল পর্যায় পার হননি। সামনে তার পরীক্ষা থাকলেও ইউরোর জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে বলে টিএফওয়ানকে বলেছেন এমিরি, ‘আমি সেপ্টেম্বরে পরীক্ষায় বসার আবেদন করেছি, এখন যাতে ফুটবলে মনোযোগ দিতে পারি।’

১৯৮৪ ও ২০০০ সালে ইউরো জেতা ফ্রান্স এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস (২১ জুন) ও পোল্যান্ড (২৫ জুন)।

ফ্রান্সের ইউরো দল

গোলকিপার: আলফনসে আরেওলা, মাইক মাইগনান, ব্রাইস সামবা।ডিফেন্ডার: জোনাথন ক্লাউস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, থিও এরনান্দেজ, ফারলাঁ মেন্দি, বেঞ্জামিন পাভার, দায়ত উপামেকানো।মিডফিল্ডার: এনগোলো কান্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন র‍্যাবিয়ট, আঁতোয়ান গ্রিজমান, অরেলিয়েঁ চুয়ামেনি, ওয়ারেন জেইর–এমিরি, ইউসুফ ফোফানা।ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিংসলি কোমান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি ও অলিভিয়ের জিরু। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত