নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই দেখা মিলল সেঞ্চুরির। সেটাও আবার বিধ্বংসী। মোহামেডানের ব্যাটার জেসিয়া আক্তারের ব্যাট থেকে এসেছে এমন তাণ্ডব। তাতে ভর করে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি।
মাত্র ৬৯ বলে ১০২ রান করে আউট হন জেসিয়া। তার ব্যাট থেকে আসে ১৬ চার আর ৩ ছক্কা। রুমানা আহমেদ দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া মুর্শিদা খাতুন হ্যাপি ৩৭ ও সুবহানা মোস্তারি ৩১ রান করেন। তাতেই ৮ উইকেটে ৩০৫ রান করে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
জাবিদ আহসানের হয়ে নিলা ইসলাম ৪৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন অপু হালদার ও এশা ইসলাম। ৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করছে দলটি।
এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে নবাগত আনসার অ্যান্ড ভিডিপি মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রূপালি ব্যাংকের। আগে ব্যাট করে আনসার ৯ উইকেটে ২১১ রান করেছে। দলটির হয়ে সুলতানা সর্বোচ্চ ৭৬ রান করেন। ৮৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছক্কায়। এছাড়া ৬৬ বলে ৩৬ রান করেন আরবিন তানি।
রূপালি র হয়ে পূজা চক্রবর্তী ৩২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। দুটি উইকেট শিকার করেন রাবেয়া খান। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করছে দলটি।
