বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীনরা এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন যে সরকার, সেই সরকার সম্পূর্ণরূপে একটি ফ্যাসিস্ট সরকার। এরা রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে দখল করে নিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এ সরকার। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এ প্রিয় মাতৃভূমি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দেবে। তাই এ সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
