ইউপিডিএফ কর্মীসহ দুজনকে গুলি করে হত্যা

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:২১ এএম

রাঙ্গামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের বড়হাড়িকাবা ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) এবং স্থানীয় বাসিন্দা ধন্যমনি চাকমা (৩৫)। তাদের মধ্যে বিদ্যাধন চাকমা ওরফে তিলক লংগদুর কাট্টলির কুকিছড়া গ্রামের সময়মনি চাকমার ছেলে এবং ধন্যমনি চাকমা লংগদুর ধুধুকছড়া বড়হাড়িকাবা গ্রামের লেংগ্যা চাকমার ছেলে। নিহত ধন্যমনি চাকমাকে তাদের সংগঠনের সমর্থক বলে দাবি করেছে ইউপিডিএফ। এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বড়হাড়িকাবার ভালেদি ঘাটের পাশে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সাতজন সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক এবং স্থানীয় বাসিন্দা ধন্যমনি চাকমা নিহত হন।

সচল চাকমা এক বিবৃতিতে বলেন, ‘ইউপিডিএফের নেতৃত্বে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রসহ বান্দরবানে বম জাতিসত্তার ওপর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাধা সৃষ্টি করার লক্ষ্যে সরকারের কৃপা লাভের আশায় সন্তু লারমা আবারও তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের ওপর হত্যাকাণ্ড শুরু করেছে। তার নির্দেশে আজকে (গতকাল) লংগদুতে ইউপিডিএফের এক কর্মী ও এক সমর্থককে হত্যা করা হয়েছে।’

তবে এই অভিযোগ অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘ওই এলাকায় (গতকালের হত্যাকাণ্ডের ঘটনাস্থল) জনসংহতি সমিতির কোনো কার্যক্রম নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপকর্মের দায় আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে।’

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গম এলাকা হওয়ায় মরদেহ উদ্ধার করতে সময় লেগেছে। সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

ইউপিডিএফের বিক্ষোভ ও অবরোধের ডাক : সংগঠনের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ। সেখান থেকে কাল সোমবার রাঙ্গামাটি জেলায় অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত