প্রবাসীর ১৭ ভরি স্বর্ণ ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

আপডেট : ১৯ মে ২০২৪, ০৮:১৭ পিএম

চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভারে প্রবাসীর স্বর্ণ ছিনতাইকালে পুলিশের এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১৯ মে) দুপুরে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন, খুলশি থানার এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদ।

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ সৌদি আরব থেকে দেশে আসেন আব্দুল মালেক। দেশে ফেরার আগে পরিবারের জন্য স্বর্ণের ৮টি চুরি কেনেন। তবে ভুলে তা ফেলে আসেন সৌদিতে। পরবর্তীতে তার বড় ভাইয়ের মাধ্যমে আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ ভরি স্বর্ণ বুঝে নিয়ে যাচ্ছিলেন নিজ বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। পথে নগরের টাইগারপাস এলাকায় তাকে আটক করেন এসআই আমিনুল ইসলাম। এ সময় তার সোর্স মো. জাহেদ উপস্থিত ছিলেন। পুলিশ পরিচয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন তারা। নগরের বিভিন্ন সড়কে ঘুরিয়ে স্বর্ণ ছিনিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদকে আটক করে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, পাঁচলাইশ থানা পুলিশ আটক করলেও ঘটনাস্থল খুলশী থানার আওতায় হওয়ায় আসামিদের সেই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক এসআইও খুলশী থানায় কর্মরত। ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে খুলশি থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত উল্ল্যাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত