গাজীপুরে জাল টাকা ছড়ানো চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:২৫ এএম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকার কারবারিদের তৎপরতা বেড়েছে গাজীপুরে। জাল টাকা ছড়ানো চক্রের দুই সদস্যকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় দুজনের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিবলুর স্ত্রী মিনারা ও সহযোগী আনিসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, রবিবার রাত দেড়টার দিকে নগরীর উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়িতে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ।

পরে ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গাছা থানায় মামলা করার পর আদালতের মাধ্যমে তাদের বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত