জাল ভোটের দায়ে যুবকের জরিমানা, ৬ কর্মকর্তা আটক

আপডেট : ২২ মে ২০২৪, ১২:০৯ এএম

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা এবং জাল ভোট দিতে সহযোগিতা করায় ২ সহকারী প্রিসাইডিং ও ৪ পোলিং অফিসারকে হাতেনাতে আটক করেছে  ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

জরিমানা করা হাবিব উল্লাহ সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের মৃত নজিবুল হকের ছেলে। আর আটকরা হলেন কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসার মো. তাজুল ইসলাম, মো. কামাল উদ্দিন ও পোলিং অফিসার মো. সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।

গতকাল নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। তখন জাল ভোট দেওয়ার সময় হাবিব উল্যাহকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাল ভোট  দিতে সহযোগিতা করায় ওই ২ সহকারী প্রিসাইডিং ও ৪ পোলিং অফিসারকে আটক করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বলেন, এক যুবককে জরিমানা এবং ৬ সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারকে নিয়মিত মামলার জন্য সোনাইমুড়ী থানায় পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন বলেন, ২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ পোলিং অফিসারকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত