আসন্ন বাজেটে টেক খাতে নতুন কোনো কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৪টি সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ইয়ুথ টেক সামিট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।
শুধুমাত্র তরুণদের জন্য দেশে প্রথমবারের মতো আয়োজিত এই টেক সামিটের এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘আর উই রেডি ফর এআই?’ অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ২০ জন সফল ও খুবই তরুণ (২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স) উদ্যোক্তাদের বক্তব্য।
বক্তারা বলেন, এআই ভিত্তিক ওপেন সোর্সের মডেল দিয়ে ১৮ কোটি মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশকে গ্লোবাল এআই ইউজ কেইসের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এত বিপুল জনসংখ্যার দেশের এআই ইউজ কেইস মডেল থেকে সারা বিশ্ব উপকৃত হতে পারে। নতুন প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এসব উদ্যোক্তা কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক উন্নতি সাধন করার কাজ শুরু করেছে। অনুষ্ঠানে বেশ কিছু প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ সফল উদ্যোক্তাও বক্তব্য দেন।
