স্ত্রী-সন্তানকে হত্যার পর পুঁতে রাখে আলী হোসেন

আপডেট : ২৩ মে ২০২৪, ০২:০০ এএম

ময়মনসিংহের ত্রিশালে গর্তে পুঁতে রাখা অর্ধগলিত নারী ও দুই শিশুর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩০) এবং শিশু দুটি তাদের সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)। এর আগে মঙ্গলবার বিকেলে রামপুর ইউনিয়নের হাইনজা মড়লবাড়ির মসজিদের পেছনে ফসলি জমি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে রাতে মরদেহগুলো শনাক্ত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে আলী হোসেনই তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুঁতে রেখেছে। নিহত আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। ছয় বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল। গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এনজিও থেকে ঋণের কিস্তি জোগাড় করতে না পাড়ায় গার্মেন্টসে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে স্বামী আলী হোসেন তাদের হত্যা করে লাশগুলো পুঁতে রাখে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

এ সম্পর্কে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘নিহত নারী একটি বাড়িতে কাজ করতেন। কিন্তু তার স্বামী গার্মেন্টসে কাজে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে তাকে হত্যা করে লাশ পুঁতে রাখে। এই ট্রিপল মার্ডারের মূলহোতা আলী হোসেনকে গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে। নিহত আমেনার মা হাসিনা বেগম বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা করেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত