উড়োজাহাজের ধাক্কায় প্রাণ গেল একঝাঁক ফ্ল্যামিঙ্গোর

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৩৪ এএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাই বিমানবন্দরে উড়োজাহাজের অবতরণের সময় ধাক্কা লেগে অন্তত ৩৯টি ফ্ল্যামিঙ্গোর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাতে মুম্বাইয়ের ঘাটকোপারের কাছে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্র্তৃপক্ষ জানিয়েছে, ফ্ল্যামিঙ্গোর একটি ঝাঁকের সঙ্গে এমিরেটসের একটি বিমানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এতগুলো ফ্ল্যামিঙ্গোর মৃত্যুতে ক্ষোভ দেখা গেছে দেশটির পরিবেশবাদীদের মধ্যে। প্রাকৃতিক অভয়ারণ্যের কাছাকাছি অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ও এলাকার বিদ্যুতের তারকে দায়ী করেছেন তারা। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এই এলাকায় বিমানবন্দরের উপস্থিতি এবং সেখানে অবকাঠামো নির্মাণের কারণে ভবিষ্যতে আরও ফ্ল্যামিঙ্গোর মৃত্যু হতে পারে।

এমিরেটসের এক মুখপাত্র ভারতের গণমাধ্যমকে জানান, দুবাই থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইটটি অবতরণ করার সময় ফ্ল্যামিঙ্গোর ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে পারেন পাইলট। ওই মুখপাত্র আরও বলেন, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী ও ক্রু কোনো আঘাত ছাড়াই নেমেছেন। তবে দুঃখজনকভাবে, বেশ কয়েকটি ফ্ল্যামিঙ্গো প্রাণ হারিয়েছে। এমিরেটস কর্র্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতা করছে।

বিবিসি জানায়, ঘাটকোপারের একদল শিশু রাস্তায় ফ্ল্যামিঙ্গোগুলোর মৃতদেহ দেখতে পাওয়ার পর সোমবার গভীর রাতে এ ঘটনা প্রকাশ হয়। তৎক্ষণাৎ বাসিন্দারা বন্যপ্রাণী কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করেন। পরে বন কর্মকর্তা অমল ভাগবত জানান, সোমবার গভীর রাতে প্রায় ২৯টি এবং মঙ্গলবার সকালে আরও ১০টি ফ্ল্যামিঙ্গোর মৃতদেহ পাওয়া গেছে।

আনন্দবাজার জানিয়েছে, বন অধিদপ্তর এ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মৃত ফ্ল্যামিঙ্গোগুলোর নমুনা সংগ্রহ করেছেন বন কর্মকর্তারা। এ ঘটনায় পাইলটকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা। বিমানবন্দরের আশপাশে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলে দাবি করেছেন বন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা এস ভি রামারাও। ধারণা করা হচ্ছে, ফ্ল্যামিঙ্গোগুলো কাছাকাছি কোনো অভয়ারণ্যের দিকে উড়ে যাওয়ার সময় তাদের পথ পরিবর্তন করার ফলে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত