আদমদীঘির সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৫৮ এএম

বগুড়ার আদমদীঘিতে পিকনিকের খিচুড়িতে ছাগলের বিষ্ঠা ও আবর্জনা ঢেলে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি অমান্য করার কারণ দেখিয়ে উপজেলার কেশরতা গ্রামে পিকনিকের খিচুড়িতে ছাগলের বিষ্ঠা ও আবর্জনা দিয়ে খাবার নষ্ট করার অভিযোগ উঠে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে দেশ রূপান্তরসহ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন।

এর আগে গত রবিবার রাতে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের নির্বাচনী দায়িত্ব পালনে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে যান এসিল্যান্ড ফিরোজ হোসেন। তিনি ওই গ্রামের দীঘিপাড়া গিয়ে ৭০ জন শিশু, নারী ও পুরুষের জন্য পিকনিকের খিচুড়ি রান্না করতে দেখেন। ওই আয়োজনটি কোনো প্রার্থীর পক্ষে করা হচ্ছে কি না, সহ নানা বিষয়ে জেরার একপর্যায়ে এসিল্যান্ড তার গাড়ির চালক হযরত আলীকে খিচুড়ি নষ্ট করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে গাড়িচালক হযরত আলী ছাগলের বিষ্ঠা ও খড়সহ নানা আবর্জনা দিয়ে খাবার নষ্ট করে দেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টির তদন্ত শুরু করে বগুড়া জেলা প্রশাসন।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিনকে এ বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। যারই ধারাবাহিকতায় তদন্ত করতে গতকাল দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ও আদমদীঘির উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশরতা গ্রামে গিয়ে গ্রামবাসীর মৌখিক ও লিখিত জবানবন্দি গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত