এফএ কাপ ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। 'ম্যানচেস্টার ডার্বি' এর এই ম্যাচ ঘিরে আছে উত্তাপ।
এই শিরোপা নিজেদের করে নিতে পারলে ঘরোয়া ডাবল হবে সিটির। আর শিরোপা জিততে পারলে ম্যানইউ খেলতে পারবে আগামী মৌসুমের ইউরোপা লিগে।
তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে কোচ এরিক টেন হাগের ম্যানইউতে থাকা না থাকা।
একাধিক সংবাদমাধ্যমের খবরে এফএ কাপ ফাইনাল শেষে টেন হাগের ছাঁটাইয়ের গুঞ্জনের কথা বললেও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি চূড়ান্ত বলে জানিয়েছে।
এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, এফএ কাপ ফাইনালে ফল যাই হোক, টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া নিশ্চিত।
এর আগে ২০১৬ সালে এফএ কাপ ফাইনাল জেতার পর ছাঁটাই হয়েছিলেন ম্যানইউয়ের আরেক ডাচ কোচ লুই ফন গাল।
সদ্য শেষ হওয়া মৌসুমে পয়েন্ট তালিকার ৮ নম্বরে থেকে শেষ করে ম্যানইউ। সে কারণেই টেন হাগকে আর রাখতে চাইছে না ইংলিশ ক্লাবটি, এমনটি বলা হয়েছে গার্ডিয়ানের খবরে।
গত মৌসুমে এফএ কাপ ফাইনালে ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছিল ম্যানইউকে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টেন হাগের ছাঁটাই হওয়ার গুঞ্জন নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, 'ম্যানইউ বা সিটির মতো বড় ক্লাবে আপনি যখন জিতবেন না, তার মানে আপনি সব সময় বিপদে আছেন। যদি আমরা না জিততাম, তবে আমিও বিপদে থাকতাম। সে (টেন হাগ) ভালো কিছু করেছে, অতীতেও তার কাজের প্রতি আমার সম্মান ছিল এবং এখনও আছে।'
