আগামীকাল থেকে শুরু হবে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আয়োজনটির চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে গত তিনবারের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। আজ ম্যানেজার্স মিটিংয়ে প্রতিযোগিতার গ্রুপিং ও সূচী চূড়ান্ত করা হয়। একই সময় উন্মোচন করা হয় আসরের ট্রফি।
এবারের আসরে অংশগ্রহণ করছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের মোট ১২টি দল। ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করছে। তার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা এবারই প্রথম অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।
এবারের আসরে গ্রুপ-এ তে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। আর গ্রুপ-বি তে অবস্থান ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপানের।
প্রথম দিনের অন্যান্য ম্যাচে বিকাল ৫টায় মুখোমুখি হবে নেপাল ও কেনিয়া, সন্ধ্যা ৬টায় ইরাক ও জাপান এবং ৭টায় এদিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও উগান্ডা। সবগুলো ম্যাচই হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
