বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৪, ১২:৫২ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার সামসুল হকের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, শনিবার রাতে সান্তাহার রেলগেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাকিব হোসেন। পথিমধ্যে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে অটোচার্জার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা লাগে। মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকার কারণে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত