উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে যুদ্ধরত কিছু সংখ্যাক ইসরায়েলি সেনাকে অপহরণের দাবি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল শনিবার এ কথা জানান।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরা।
ধারণ করা এক ভিডিও বার্তায় আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীকে (ইসরায়েলি সামরিক বাহিনী) একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে প্রলুব্ধ করেছিল। পরে ওই বাহিনীর কিছু সদস্যদের হত্যা করা হয়েছে এবং কিছু সদস্যকে হতাহত অবস্থায় আটক করা হয়েছে।
তবে ঠিক কতজন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে বা জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল–কাশেম ব্রিগেডের মুখপাত্র। এমনকি দাবির পক্ষে কোনো প্রমাণও দেখাননি তিনি।
এদিকে হামাসের এই দাবি অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, এমন কিছুই ঘটেনি। ইসরায়েলের কোনো সেনা হামাসের হাতে জিম্মি হয়নি।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় “আইডিএফ স্পষ্ট করে জানাচ্ছে যে, গাজায় কোনও সৈন্যকে অপহরণের কোনো ঘটনা ঘটেনি।“
আবু ওবেদার বিবৃতির দিয়ে হামাস প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে একজন রক্তাক্ত ব্যক্তিকে একটি টানেলে মাটিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ওই ব্যক্তির পরিচয় এবং তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে যে হামাসের প্রকাশিত ভিডিওতে সামরিক গিয়ার এবং তিনটি সাবমেশিন বন্দুকের ছবিও দেখা গিয়েছে। কিন্তু এসব অস্ত্র সাধারণত ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে না।
এদিকে ফিলিস্তিনের রাফা শহরে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে আদেশ উপেক্ষা করেই রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এমনকি দক্ষিণাঞ্চলীয় শহরটির ঘরে ঘরে গিয়ে হামলা চালাচ্ছে দখলদার বাহিনীটি। পাশাপাশি স্থল আর আকাশপথে ব্যাপক হামলা হয়েছে।
২১ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর, বাতিল শ’খানেক ফ্লাইট