পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

দেওয়া হয়েছিল কাঠিওয়ালা আইসক্রিম, ব্যালটে পেলেন কুলফি

আপডেট : ২৯ মে ২০২৪, ০২:০৭ পিএম

বগুড়া সদরের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বরাদ্দকৃত প্রতীকের সাথে ব্যালটের প্রতীকের মিল না থাকায় বগুড়া সদর উপজেলার ভাইস পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বুধবার সকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন আইসক্রিম প্রতীকের ব্যালটের সাথে তাকে বরাদ্দকৃত প্রতীকের মিল না থাকার অভিযোগ তোলেন।

ইফতারুল ইসলাম মামুন অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে যেয়েও কাউকে পাচ্ছি না। 

তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচার প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরূপায়। আমি কোথায় কি করব বুঝতেও পারছি না। 

বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, আমাদের কমিশন থেকে অতিরিক্ত তিনটা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে শুধু আইসক্রিম প্রতীক ছিল। কিন্তু নমুনা ছবি ছিল না। পরে আমরা সচারাচর যে আইসক্রিম হয় সেই ছবি দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেই। আজ ব্যালটে দেখি কুলফি আইসক্রিমের ছবি। এটা আসলে আমাদের কোনো ভুল নয়।

এদিকে বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, ব্যালটে আইসক্রিম প্রতীকের সাথে মিল না থাকায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত