পানির দাম ১০ শতাংশ বাড়াল ঢাকা ওয়াসা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:২০ এএম

আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। গতকাল বুধবার পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াসা আইন-১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিলসহ সব ধরনের (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।

ওয়াসা কর্তৃপক্ষ আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ১৬ টাকা ৭০ পয়সা, যা এখন আছে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে আছে ৪২ টাকা।

এর আগে করোনাকালে ঢাকা ওয়াসা দুই বছরে দুবার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছিল। এবার নিয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬ বছরে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ল ১৬ বার।

২০২০ সালের এপ্রিলে আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা। তার আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইয়ে ও ২০১৭ সালের আগস্টে পানির দাম বাড়ানো হয়, ঢাকা ওয়াসা যাকে ‘মূল্য সমন্বয়’ বলে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত