কমিউনিটি ক্লিনিক এখন প্রান্তিক মানুষের আস্থার কেন্দ্রবিন্দু

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৪১ এএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্ক নিঃসৃত ভিশনারি সিদ্ধান্ত কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিক এখন দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর মাধ্যমেই নানারকম স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেলে কান্ট্রি স্টেটমেন্ট উপস্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।

হেলথ ফর অল, অল ফর হেলথ প্রতিপাদ্য সামনে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য দেন।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিশনারি ও বলিষ্ঠ নেতৃত্ব এবং সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বদ্ধ পরিকর।

সম্মেলনে কান্ট্রি স্টেটমেন্ট উপস্থাপনের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল একই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও সাইড মিটিংয়ে অংশ নেন।

জাপান সরকারের আমন্ত্রণে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সদিচ্ছা, দৃঢ় অবস্থান, কার্যকরী পদক্ষেপসহ আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক ডা. টেডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল খাদ্যে সিসাসহ অন্যান্য কারণে শিশু স্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলা ও তাদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে বাংলাদেশের উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন। 

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক পরিচালক সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে বাংলাদেশ দৃঢ় অবস্থান তুলে ধরার বিষয়ে এবং ৭-১০ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির ৭৭তম সভা বাংলাদেশে আয়োজন সফল করতে উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেন। কুষ্ঠ রোগ নির্মূলে সহযোগিতার জন্য সাসাকাওয়া ফাউন্ডেশনকে মন্ত্রী ধন্যবাদ জানান। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে খাদ্যে লবণের পরিমাণ কমানো বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত