দুর্গতদের দেখতে আজ কলাপাড়া আসছেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৪৩ এএম

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট নিজ চোখে দেখতে, তাদের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেবেন সাহায্য। এক যুগ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উৎফুল্ল এলাকাবাসী।

পটুয়াখালীর উপকূলীয় জেলা কলাপাড়ায় আঘাত হাতে ১২০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় রিমাল।

ঘূর্ণিঝড়টি রবিবার রাতে উপকূলীয় জনপদে হামলে পড়লেও তা-ব চালায় সোমবার বিকেল চারটা পর্যন্ত। দীর্ঘ সময়ের এই তা-বে কেড়ে নেয় তিনটি প্রাণ। সাড়ে ৩ হাজার কাঁচা-অর্ধপাকা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা। ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লাখ মানুষ। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এখনো বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা। প্রধানমন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের

মাঝে তুলে দেবেন নগদ অর্থ সহায়তাসহ গৃহনির্মাণ সামগ্রী। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে আসছেন এমন সংবাদে খুশি এলাকাবাসী।

এদিকে দীর্ঘ এক যুগ পরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কলাপাড়ায় বইছে খুশির বন্যা। জনসভাস্থল সরকারি মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ মাঠ প্রস্তুত করা হচ্ছে। চলছে প্রচারণা। মাঠের কাজ তদারকি করছেন গোয়েন্দা সংস্থাসহ জেলা ও কলপাড়া উপজেলা প্রশাসন। জনসভা সফল করতে মাঠে তৎপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ সকাল ১০টায় এখানে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এরপর স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভা করবেন। দ্রুততম সময়ে সব কাজ সম্পন্ন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত