বাংলা একাডেমির ডিজি কবি নূরুল হুদার অপসারণ দাবি

আপডেট : ৩১ মে ২০২৪, ০৪:০০ এএম

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি মুহম্মদ নূরুল হুদার অপসারণ চেয়েছেন বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক নূরুন নবী ভোলা। নূরুল হুদা কবিতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত দাবি করেন তিনি।

গত বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুল হুদার অপসারণ চান নূরুন নবী ভোলা। এ সময় পাঠাগারের সাধারণ পাঠকরাও নূরুল হুদাকে অপসারণের দাবি জানান।

নূরুন নবী ভোলা বলেন, আওয়ামী আদর্শ ও চেতনাবিরোধী, বিএনপি-জামায়াতের আশীর্বাদপুষ্ট ও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক সাব্যস্তকারী মুহম্মদ নূরুল হুদার মতো ব্যক্তি বাংলা একাডেমির মহাপরিচালক পদে থাকা জাতির জন্য অত্যন্ত লজ্জার, যা বাংলাদেশের সুস্থ শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের জন্য অশনিসংকেত।

নূরুন নবী ভোলা আরও বলেন, তিনি (নূরুল হুদা) কার পক্ষে-বিপক্ষে লিখলেন না সেটা বিষয় নয়। তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে লিখেছেন। সারা বিশ্ব জানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ তিনি লিখেছেন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

পাঠাগারের নিয়মিত পাঠক মুক্তিযোদ্ধা সাহিদা বেগম বলেন, ‘কবি নূরুল হুদা বেগম খালেদা জিয়াকে মা ডাকতেন’ উল্লেখ করে তিনি বলেন, তার (খালেদা জিয়া) সঙ্গে তিনি প্রায়ই দেখা এবং যোগাযোগ করতেন। এসব করে তিনি নজরুল ইনস্টিটিউটের পরিচালক হয়ে গেলেন।

সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে নূরুল হুদার অপসারণ দাবিতে মানববন্ধন করেন তারা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত