এমি মার্তিনেজকে 'পাগল' ও 'অসহ্যকর' বললেন রোমেরো

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:৩২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায় খেলেন এমিলিয়ানো মার্তিনেজ। আর ক্রিশ্চিয়ান রোমেরো মাঠ মাতান টটেনহামের হয়ে। লিগে অন্তত দুবার একে অপরের মুখোমুখি হন তারা। প্রিমিয়ার লিগের মৌসুম শেষে দুজনই এখন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিস্পোর্তসকে সাক্ষাৎকার দিয়েছেন রোমেরো। সেখানে এমি মার্তিনেজকে 'পাগল' ও 'অসহ্যকর' বলে মন্তব্য করেছেন। 

দিবু নামে পরিচিত এমিলিয়ানোর কথা উঠলে রোমেরো হাসতে হাসতে সাক্ষাৎকারে বলেন, ‘দিবু তো একটা পাগল। প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর। এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি। সে এমন একজন মানুষ, যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার। দেখতে ভালো লাগে। মানুষ হিসেবেও অসাধারণ।’

রোমেরো আর্জেন্টিনার সেই দলের সদস্য, যারা ২০২১ ও ২০২২ সালের মধ্যে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ জিতেছেন। এবার দলটির লক্ষ্য আরেকটি কোপা আমেরিকা জয়। আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত