‘ভয়ঙ্করতম’ রাতে ১৫তম পালকের খোঁজে আনচেলত্তি

আপডেট : ০১ জুন ২০২৪, ১১:৪২ এএম

ওয়েম্বলিতে আজ মহারণ। রাত ঠিক একটায় ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এ ম্যাচ পরতে পরতে ছড়াতে থাকে উত্তাপ। ওই সম্পর্কে ভালোই জানা রিয়াল বস কার্লো আনচেলত্তির। তাই তো একে ‘ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়েছেন তিনি

খেলোয়াড়ি জীবনে এসি মিলানের হয়ে দুইবার চ্যাম্পিয়নস লিগ (তখনকার ইউরোপিয়ান কাপ) জিতেছেন। এর পর ইতালির ক্লাবটির কোচ হিসেবেও তিনবার ফাইনাল খেলে এ স্বাদ পেয়েছেন দুবার। রিয়াল মাদ্রিদকেও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন দুইবার।

কোচ হিসেবে তার চেয়ে বেশি তো দূরের কথা তার সমান চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেনি অন্য কেউ। ৬৪ বছরের এই মাস্টার মাইন্ড আরেক দফা ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘ফুটবলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর ম্যাচ। যতটা পারা যায় আমাদের উপভোগ করতে হবে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির খুব কাছাকাছি আছি, আর তা হলো চ্যাম্পিয়নস লিগ জয়।’

চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪ বার শিরোপা জেতা দল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার এই শিরোপা জিততে পেরেছে এসি মিলান। আজ পনেরোতম ট্রফিটি উঁচিয়ে ধরতে তাদের সামনে জার্মান বাধা। আনচেলত্তি বলেন, ‘অবশ্যই ভয়ের ব্যাপার আছে। ফাইনালে পৌঁছালে সাফল্য এতটাই কাছাকাছি থাকে যে, চিন্তা শুরু হয়ে যায়, উদ্বেগ শুরু হয়। এটাই স্বাভাবিক। যদি ভয় থাকে আর শেষ পর্যন্ত জেতা যায় তাহলে আরও বেশি ভালো লাগে।’

এমন ফাইনালে কী করতে হয় তা আনচেলত্তির চেয়ে ভালো আর কেউই হয়তো জানেন না, ‘চ্যাম্পিয়নস লিগ আচ্ছন্ন থাকার বিষয় নয়। আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা, সেরাটা দেওয়া। যেমনটা আমরা এই মৌসুম জুড়েই করেছি। চ্যাম্পিয়নস লিগ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, আমার মনে হয় আমি এখনই বলতে পারি যে রিয়ালের এবারের মৌসুম খুবই সফল হয়েছে।’

সেই সাফল্য আরও পূর্ণতা পাবে, আজ মুকুটে ১৫তম পালকটি সংযোজিত হলে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত