পানি নেমে ভেসে উঠছে ক্ষতচিহ্ন

আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:০০ পিএম

কয়েকদিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটের সীমান্তবর্তী ৫টি উপজেলায় সৃষ্ট আকষ্মিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঢলের পানি বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে ধীরে ধীরে নদী-খাল বেয়ে হাওরে নামছে। আর জেগে উঠছে আকষ্মিক বন্যার ক্ষতচিহ্ন। ঢলের কারণে সৃষ্ট এই বন্যায় অসংখ্য কাঁচা, আধাপাকা ঘরবাড়ি, ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেসে গেছে চাষের মাছ। বন্যাদুর্গত এলাকায় অব্যাহত রয়েছে ত্রাণ বিরতণ কার্যক্রম। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ।

জেলা প্রশাসনের তথ্য মতে, সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়ন, কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন, জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন, কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন, জকিগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন, বিয়ানীবাজার উপজেলার ৬টি ইউনিয়ন এবং গোলাপগঞ্জ উপজেলার ২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ জেলার বন্যা কবলিত ৮টি উপজেলার মোট ৬৮টি ওয়ার্ড ও ইউনিয়নের ৭৮১টি গ্রাম ইতোমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকায় বন্যা আক্রান্ত জনসংখ্যা ৬ লাখ ৯ হাজার ৩৩ জন। বন্যা দুর্গতদের জন্য পুরো জেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৩৪২ জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। পানিবন্দি পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এ ছাড়া বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। উজান থেকে ভাটির দিকে পানি নামতে শুরু করায় সিলেট মহানগর, সদর, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, ভারি বৃষ্টিপাত না হওয়াতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতির সর্তক দৃষ্টি রাখা হচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে শুকনো, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্ট ছাড়া জেলার অন্য নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যেও বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। ফলে ঢলের পানিও এখন কম আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত