কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় সেই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে তার পরিবার। গত শুক্রবার রাতে চারজনকে আসামি করে মামলাটি করেন ওই নারীর মামা। এরপর রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকা থেকে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হলপাড়া গ্রামের আবু সামারের ছেলে জয়নাল ইসলাম এবং টাঙ্গালিয়া পাড়া এলাকার মো. শহীদ আলীর ছেলে আলম মিয়া। তারা দুজন ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীর সঙ্গে কসাইয়ের কাজ করতেন।
গতকাল শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান। তিনি বলেন, গত শুক্রবার রাতে ওই নারীর মামা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ধর্ষণ অভিযোগে একটি মামলা করেন। পরে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ এলাকা থেকে আলাদাভাবে জয়নাল ও আলমকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ধার নেওয়া ২০ হাজার টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় ওই গৃহবধূকে দুই মাস ধরে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে তার পরিবার।
