ফিলিস্তিনিদের ১ মিলিয়ন ডলার দেবেন দুই সুপারমডেল

আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৫১ পিএম

গত বছরের অক্টোবর থেকে শুরু করে প্রায় আটমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নির্বিচারে বিমান হামলা, স্থল অভিযানের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর তাদের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি জনগণ। এবার তাদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন সুপারমডেল দুই বোন বেলা ও গিগি হাদিদ।

বিশ্বখ্যাত ফিলিস্তিনি-আমেরিকান এই দুই বোন ফিলিস্তিনিদের সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন। শনিবার তাদের প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহ ও নিউ ইয়র্ক পোস্টের।

বেলার একজন প্রতিনিধি পিএ নিউজ এজেন্সিকে বলেছেন, তাদের দেওয়া এই অর্থ চারটি মানবিক সংস্থার মধ্যে সমান ভাগে বণ্টন করা হবে, যারা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে। এগুলো হলো— হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ), ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এবং ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)।

গিগি ও বেলা হাদিদের বাবা ফিলিস্তিনি-আমেরিকান রিয়েল এস্টেট টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরাইলি হামলার মধ্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার রয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৬ হাজার ৪০০ জনে। এ হামলায় আহত হয়েছেন আরও ৮২ হাজারের বেশি ফিলিস্তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত