সিলেটের বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হলেও পদ্মা-যমুনায় বাড়ছে পানি

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৩:১৮ পিএম

সিলেটের বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হলেও দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্য কেন্দ্র।

আজ সোমবার (৩ জুন) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি লাভ করতে পারে। তবে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

এদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সুরমা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে স্বল্প মেয়াদে বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে।

১১০টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৯টির, হ্রাস পেয়েছে ৪২টির আর অপরিবর্তিত আছে ৮টি। বিপদসীমার ওপরে স্টেশন সংখ্যা ৩টি আর নদীর সংখ্যা ২টি। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত