হবিগঞ্জের চুনারুঘাটে আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।
মিরাশী ইউপির সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে আউশ ধানের একই জমিতে হাল চাষ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বজ্রপাতে দুইজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।
