ইউপি চেয়ারম্যানের ভয়ে এক সপ্তাহ ধরে বন্ধ করে রাখা মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে মুক্তারপুর পেট্রোল পাম্পসংলগ্ন ‘লায়লা প্লাজা’ নামে মার্কেটের সব দোকান খুলেছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা লোক পাঠিয়ে মার্কেটের নিচতলার বন্ধ থাকা ৩০টি দোকান খুলে দিয়েছেন বলে জানান দোকানদাররা।
সাততলার নির্মাণাধীন ওই মার্কেটের নিচতলার প্রায় ৩০টি দোকান হুমকি দিয়ে বন্ধ করে রাখা এবং ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মার্কেটটির অন্যতম মালিক রিয়াদ হোসেন গত রবিবার পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ে আরও ৪-৫ জনের বিরুদ্ধে সদর
থানায় লিখিত অভিযোগ দেন। এ নিয়ে দেশ রূপান্তরে গতকাল সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
লায়লা প্লাজার নিচতলার দোকানদার হৃদয় হোসেন বলেন, ‘পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গতকাল সকালে ইউপি চেয়ারম্যান তার লোকজন মার্কেটে পাঠান। দোকানিদের ডেকে তাদের দোকান খুলে দিয়ে যান তারা।’ মার্কেটের দোকানদার কাউসার মিয়া, মো. শাওন, সাইদুর মিয়া ও আশরাফ হোসেন জানান, ইউপি চেয়ারম্যান লোক পাঠিয়ে তাদের দোকান খুলে দিয়েছেন।
এ ব্যাপারে গতকাল পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ফোন করলে তিনি রিসিভ করেননি।
