ঢাকা ফিরে ডিবির হারুন

সিয়ামকে নেপাল থেকে পুশব্যাকের অনুরোধ করছি

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৩:০০ এএম

নেপালে পালিয়ে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সিয়ামকে বাংলাদেশে পুশব্যাক করার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা দল। মামলার তদন্তে গিয়ে গতকাল মঙ্গলবার নেপাল থেকে ফিরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এদিকে আনার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি তানভীর ভূঁইয়া। আসামি শিমুল আজ জবানবন্দি দিতে পারেন বলে জানা গেছে।

গত শনিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের নেতৃত্বে চার সদস্যের দল নেপাল যায়। গতকাল নেপাল থেকে ঢাকা ফিরে হারুন অর রশীদ বলেন, শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে এমপি আনারকে হত্যার পর লাশ গুমে সিয়ামের নাম আসে। আমরা প্রযুক্তিগত তদন্তে জানতে পারি লাশ গুমে জড়িত সিয়াম কলকাতা থেকে অবৈধভাবে কাঠমান্ডু চলে গেছেন। পরে আমরা পুলিশ সদর দপ্তরের এনসিবি ইন্টারপোল শাখাকে সিয়াম হোসেনের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে গ্রেপ্তারে সহযোগিতা চাই। পুলিশ সদর দপ্তর সিয়ামকে আটকের জন্য ইন্টারপোল কাঠমান্ডুকে অনুরোধ করে। আমাদের তথ্যের ভিত্তিতে সিয়াম কাঠমান্ডুতে আটক হন। আমরা খবর পেয়ে সেখানে যাই। সেখানকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করি এবং সিয়ামকে ফেরত আনার চেষ্টা করি। হত্যাকা- যেহেতু ভারতে হয়েছে তারাও ঘটনার তদন্তের জন্য সিয়ামকে পাওয়ার চেষ্টা করে। তাদের কাছেও সিয়াম মোস্টওয়ান্টেড। আমাদের বন্দি বিনিময় না থাকায় আমরা আনতে পারি না। তবে তারা পুশব্যাক করতে পারে। আমরা সে অনুরোধ করেছি। একই অপরাধীকে দুই দেশ চাইলে হোস্ট কান্ট্রি অপরাধের স্থান ও ধরন অনুযায়ী কোন দেশকে দেবে সে বিবেচনা করে সিদ্ধান্ত দিতে পারে। আমরা এক ও অভিন্ন লক্ষ্যে কাজ করছি। নেপাল যদি সিয়ামকে তাদের কাছে দেয় তাতে মামলার তদন্ত কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। সিয়াম সেখানে গেলে আলামত উদ্ধারেও তথ্য দিতে পারবে।

তিনি আরও বলেন, শুধু সিয়াম নয়, বাংলাদেশ থেকে অনেক অপরাধী অপরাধ করে কাঠমান্ডুতে পালিয়ে যায়। আমরা কাঠমান্ডু পুলিশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। আশা করছি এখানকার কোনো অপরাধী নেপালে গিয়ে স্বর্গরাজ্য বানাতে পারবে না। শাহীনকে ধরে আনতে যুক্তরাষ্ট্রে যাবেন কি না জানতে চাইলে হারুন বলেন, ‘মূল পরিকল্পনাকারী শাহীন ঘটনার পর ২০ মে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে। সে যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষও তাকে ফেরাতে কাজ করছে। আমরা বাংলাদেশ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করে তাকে দেশে ফেরানোর চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত