কক্সবাজারের টেকনাফে নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আজ বুধবার (৫ জুন) ভোরে নাফনদীর রহমানের খাল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া এবং সিপাহী নন্দন। তারা বর্তমানে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিজিবির টেকনাফের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে বুধবার ভোরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় নাফনদীর রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে বিজিবির টহলদলও পাল্টা গুলি চালায়। এতে চোরাকারবারী দলের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি করতে করতে নাফ নদীর মিয়ানমার জল সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্য দুজন রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
