পুলিশের এলিট ফোর্স র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশীদ। গতকাল বুধবার র্যাব ফোর্সেসের দশম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি। এর মাধ্যমে তিনি সদ্য বিদায়ী র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। খুরশীদ হোসেন গতকাল সরকারি চাকরি থেকে অবসরে যান।
এদিকে দায়িত্ব গ্রহণের পর র্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশীদ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে দুপুরে র্যাব মহাপরিচালক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানান।
এর আগে গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পান হারুন অর রশীদ।
জানা গেছে, র্যাব ডিজির দায়িত্ব পাওয়া হারুন অর রশীদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায়। সর্বশেষ তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি ছিলেন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন তিনি। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী ছিলেন হারুন অর রশিদ। তার বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী।
