সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে মাসুদ রানা (৫০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বলরামপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা উপজেলার রায়দৌলতপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন ১৩ জনকে অভিযুক্ত করে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের লুৎফর রহমান (৬৫), মো. ছামাদ (৬০), মো. সানোয়ার (৫৫), মো. হাসান (২৮), বাবু ওরফে রাসেল (৩০), মো. আরিফ (৩৫), মো. রুবেল (৩৮), মো. আরাফাত (২১), মো. আমিরুল (৪০), মো. জিন্নাহ (৪০), মো. জাহাঙ্গীর, গোলাম রব্বানী (৫৫) এবং মো. সুজন (৩০)।
অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আনারস প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন চৌধুরীর সমর্থকরা বলরামপুর বাজারে বিজয় মিছিল বের করে। মিছিল শেষে মাসুদ রানা বলরামপুর বাজারের একটি স্বর্ণের কর্মকারের দোকানে বসেছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তাকে লাথি ও কিল ঘুষি মারতে থাকেন। এতে তার হৃদযন্ত্রের সমস্যা গুরুতর হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে প্রতিপক্ষের হামলায় মাসুদ রানা নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ট্রেনে জানালার পাশে বসা নিয়ে মারামারি, যাত্রীর মৃত্যু
এবার আর অস্ট্রেলিয়াকে গোলোৎসব করতে দেয়নি বাংলাদেশ
ঈদে সাজুর অ্যালবাম ‘প্রেমের বানান’