ছাত্রলীগ কর্মী হত্যায় মামলা নেই, উত্তেজনা আছে

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:১৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মী আয়াশ রহমান এজাজকে গুলি করে হত্যার অভিযোগে জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবী জয়কে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবীকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসান আল ফারাবী জয় জেলা ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ছাত্রলীগের কর্মী এজাজকে গুলি করে হত্যার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে এজাজ হত্যার ঘটনায় এখনো গুলি করে অস্ত্র হাতে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়া জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবী জয়কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি তার সঙ্গে থাকা সহযোগী কাউকেও গ্রেপ্তার করতে পারেনি। হয়নি মামলা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। আজ (গতকাল) মামলা হতেও পারে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, রক্ত ও মগজের অংশ জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে ছাত্রলীগ কর্মী এজাজের মৃত্যুর ঘটনায় জেলা শহরের কলেজপাড়া এলাকায় রাত থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। সহিংসতার শঙ্কায় এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ করে রেখেছেন দোকানমালিকরা। বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থানে রয়েছে। নিহত এজাজের বাড়িতে চলছে মাতম।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী আনারস প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত