আমীর খসরু বললেন

প্রস্তাবিত বাজেট গুটি কয়েক অলিগার্কদের জন্য

আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:৫০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেট বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য। এদের ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গতকাল শুক্রবার দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য। এদের ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে।’

ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা হলে দুর্নীতি বাড়বে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, ‘কালো টাকা যদি ট্যাক্স দিয়ে সাদা করা যায়, তাহলে তো দুর্নীতি আরও বৃদ্ধি পাবে। আইনের শাসন ও গণতন্ত্র ভালো না হলে দেশ ভালোভাবে চালানো যায় না।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত