ভারত-পাকিস্তান স্মরণীয় ৫ ম্যাচ

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৫:৩৪ পিএম

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও পাকিস্তান ১৩তম বারের মতো মুখোমুখি হবে আজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র একবারই জিতেছে পাকিস্তান। আর ১২ ম্যাচের মধ্যে পাকিস্তানের জয় তিনটি।

দেখে নেওয়া যাক ভারত-পাকিস্তান স্মরণীয় ৫ টি-টোয়েন্টি ম্যাচ -

২০০৭ বিশ্বকাপ, গ্রুপ পর্বে

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। চির স্মরণীয় হয়ে আছে দুই দলের সেই ম্যাচটি। টাই হওয়ার পর বল-আউট এ ম্যাচ জেতে ভারত। আগে ব্যাট করে ভারত তুলেছিল ৯ উইকেটে ১৪১। পাকিস্তান ৭ উইকেটে করে ১৪১। বল আউটে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন স্পিনার এবং পার্ট টাইমাররা। তারা ঠিকই স্টাম্পে হিট করেন বল করে। তবে পাকিস্তানের উমর গুল, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত মিস করেছিলেন।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ধোনির দলের উৎসব।

২০০৭ বিশ্বকাপ, ফাইনাল

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত আগে ব্যাট করে তুলেছিল ৫ উইকেটে ১৫৭ রান। জয়ের লক্ষ্যে শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান। শেষ ৪ বলে ৬ রান। কিন্তু জগিন্দর শর্মার বলে স্কুপ শট খেলে ফাইন লেগে ক্যাচ আউট হন মিসবাহ-উল-হক। ম্যাচ জয়ের সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির ভারত।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির দারুণ বোলিংয়ের পর ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান।

২০২১ বিশ্বকাপ, গ্রুপ পর্ব

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দুবাইতে শাহিন আফ্রিদি দারুণ বোলিং করেছিলেন ভারতের বিপক্ষে। রোহিত শর্মাকে প্রথম বলেই ফেরান। তিনি নিয়েছিলেন ৩১ রানে ৩ উইকেট। কোহলির ৫৭ রানে ভর করে ভারত তুলেছিল ৭ উইকেটে ১৫৭ রান।

পরে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান জিতেছিল ১০ উইকেটে। রিজওয়ান ৭৯ ও বাবর ৬৮ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হন শাহিন আফ্রিদি।

২০২২ এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে হারায় পাকিস্তান।

২০২২ এশিয়া কাপ, সুপার ফোর

২০২২ এশিয়া কাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল এই দুটি দেশ। গ্রুপ পর্বে হেরেছিল পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে বিরাট কোহলির ৬০ রানে ভর করে ভারত ১৮০ রান তোলে। পাকিস্তান ১ বল বাকি থাকতে ৫ উইকেটে জেতে ম্যাচটি।

ব্যাটে ২০ বলে ৪২, বল হাতে ১ উইকেট এবং ৩টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মোহাম্মদ নাওয়াজ। এ ছাড়া রিজওয়ান করেছিলেন ৭১ রান। খুশদিল শাহ ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

২০২২ বিশ্বকাপ, গ্রুপ পর্ব

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছিল এই দুটি দেশ। শান মাসুদ ও ইফতিখার আহমেদের ফিফটিতে পাকিস্তান করেছিল ৮ উইকেটে ১৫৯ রান। রান তাড়ায় দলীয় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত।

তবে বিরাট ও হার্দিক পান্ডিয়ার ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। বিরাটের ৫৩ বলে অপরাজিত ৮২ রানে শেষ বলে ম্যাচ জেতে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত